নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে ফের এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল মহিষাদল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিপন্ন বন্ধু’-র উদ্যোগে এবং মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘ভিভো’-র আর্থিক …
নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে ফের এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল মহিষাদল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিপন্ন বন্ধু’-র উদ্যোগে এবং মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘ভিভো’-র আর্থিক সহায়তায় এলাকার দুস্থ ও পিছিয়ে পড়া মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন।
এ দিন মহিষাদল বিপন্ন বন্ধু প্রাঙ্গণের সি জি মেমোরিয়াল হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৭৫ জন মহিলার হাতে এই মেশিনগুলি তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত গ্রামীণ এলাকার মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা এবং তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই কর্মসূচি।
বিপন্ন বন্ধু-র সভাপতি ডঃ তপন কুমার জানা বলেন, “আমাদের সংস্থার মূল লক্ষ্যই হলো আর্তের সেবা এবং পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা। এই মহৎ উদ্দেশ্যে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) প্রকল্পের আওতায় ভিভো কোম্পানি যেভাবে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, এই সেলাই মেশিনগুলি ব্যবহারের মাধ্যমে মহিলারা তাঁদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন।”
সংস্থা সূত্রে খবর, ১৯৭৯ সাল থেকে মহিষাদল ও সংলগ্ন এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ‘বিপন্ন বন্ধু’। এ দিনের এই কর্মসূচি স্থানীয় সংবাদমাধ্যম এবং সমাজকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সেলাই মেশিন হাতে পেয়ে স্বভাবতই খুশি উপভোক্তারা। তাঁদের অনেকেরই মতে, ঘরে বসে উপার্জনের এই সুযোগ তাঁদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে।









No comments