নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: কেউ থুতু ফেলছেন, কেউ পানের পিক। স্টেশনের ঝকঝকে ওভারব্রিজ মুহূর্তেই লাল হয়ে উঠছে অসভ্যতায়। একদল যখন নোংরা করতে ব্যস্ত, তখন অন্যদলের জেদ— ‘একদিনে হবে না, কিন্তু একদিন হবেই।’ এই মন্ত্রকে সম্বল করেই গত ২৯ …
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: কেউ থুতু ফেলছেন, কেউ পানের পিক। স্টেশনের ঝকঝকে ওভারব্রিজ মুহূর্তেই লাল হয়ে উঠছে অসভ্যতায়। একদল যখন নোংরা করতে ব্যস্ত, তখন অন্যদলের জেদ— ‘একদিনে হবে না, কিন্তু একদিন হবেই।’ এই মন্ত্রকে সম্বল করেই গত ২৯ সপ্তাহ ধরে অসাধ্য সাধন করে চলেছেন পাঁশকুড়ার দুই ব্যক্তি।
রবিবার, ৮ই ফেব্রুয়ারি। ক্যালেন্ডার বলছে ২০২৬-এর নতুন বছর এক মাস পেরিয়ে গিয়েছে। চলছে মাধ্যমিক পরীক্ষা। ব্যস্ততা তুঙ্গে থাকলেও সময় বের করে নিয়েছিলেন তাঁরা। প্রতি রবিবারের মতো আজও ব্রাশ আর বালতি ভরা জল নিয়ে পাঁশকুড়া রেলস্টেশনের ওভারব্রিজে হাজির হয়েছিলেন আলোক মাইতি ও ভাস্করব্রত পতি। শুরু হয় গুটখা, পান আর খৈনির সেই জেদি দাগ তোলার লড়াই।
চলতি সপ্তাহে তাঁদের এই সাফাই অভিযান ২৯তম সপ্তাহে পা দিল। বয়সে মধ্য চল্লিশ বা তারও বেশি হলেও, মানসিকতায় তাঁরা হার মানাচ্ছেন তরুণ প্রজন্মকেও। এলাকাবাসীরা জানাচ্ছেন, স্টেশনের যত্রতত্র নোংরা করা একদল মানুষের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। একশ্রেণীর মানুষ যখন সভ্যতার পাঠ ভুলে জনপরিসর নোংরা করছেন, তখন আলোক ও ভাস্করব্রতবাবুরা নিঃশব্দে ঘষে চলেছেন সেই কলঙ্কের দাগ।
অভিযান শেষে ভাস্কর ও আলোক জানান, "অনেকেই সমর্থন করছেন, উৎসাহ দিচ্ছেন। কিন্তু একশ্রেণীর লোক তাঁদের বাজে অভ্যাস বদলাচ্ছেন না। আমরা হাল ছাড়ব না।" তাঁদের অদম্য জেদ দেখে পথচলতি অনেক যাত্রীই থমকে দাঁড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, সরকারি প্রচার যা করতে পারেনি, এই দু’জনের জেদ হয়তো একদিন তা করে দেখাবে।
"অসভ্য বর্বরোচিত আচরণের বিরুদ্ধে আমাদের এই জেহাদ অব্যাহত থাকবে। লড়াইটা অসম, কিন্তু আমরা হার মানতে রাজি নই।" — সাফাই অভিযানে মগ্ন এই দুই সদস্যের গলায় আত্মবিশ্বাসের সুর।
ফেব্রুয়ারির রবিবাসরীয় সকালে যখন চারিদিকে ছুটির মেজাজ, তখন পাঁশকুড়া স্টেশনের ওভারব্রিজে দুই ‘তরতাজা’ যুবকের এই লড়াই প্রমাণ করে দিচ্ছে— পরিচ্ছন্নতার পাঠ নিতে বয়সের চেয়েও বড় প্রয়োজন মানসিকতার। জয় হিন্দ, বন্দে মাতরম ধ্বনিতে আজও তাঁরা শেষ করলেন তাঁদের ২৯ সপ্তাহের ‘কাজ’। লড়াইটা চলবে আগামী রবিবারেও।
#PanskuraStationCleanUp #SwachhBharatMission #CleanIndiaGreenIndia #স্বচ্ছ_পাঁশকুড়া #আমাদের_পাঁশকুড়া #purbamedinipur

No comments