নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: বসন্তের বিকেলে বইয়ের গন্ধ আর আড্ডার মেজাজ নিয়ে ফিরছে মহিষাদল বইমেলা। ১০ মার্চ থেকে মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে শুরু হতে চলেছে দশম মহিষাদল বইমেলা। আগামী ১৫ মার্চ পর্যন্ত বইপ্রেমীদের জন্য খোলা থাক…
নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: বসন্তের বিকেলে বইয়ের গন্ধ আর আড্ডার মেজাজ নিয়ে ফিরছে মহিষাদল বইমেলা। ১০ মার্চ থেকে মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে শুরু হতে চলেছে দশম মহিষাদল বইমেলা। আগামী ১৫ মার্চ পর্যন্ত বইপ্রেমীদের জন্য খোলা থাকবে এই মেলাপ্রাঙ্গণ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বারের মেলা কেবল বিকিকিনির কেন্দ্র নয়, বরং সাংস্কৃতিক মেলবন্ধনের এক পীঠস্থান হয়ে উঠবে।
মঙ্গলবার, ১০ মার্চ বিকেল ৪টেয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক, ভাষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজা রামমোহন রায়ের উত্তরসূরি ড. রজতমোহন রায় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরি শ্রী প্রসাদ ব্যানার্জি। এ ছাড়াও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌরাংশু মুখোপাধ্যায়-সহ স্থানীয় প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে উদ্বোধনী মঞ্চ আলোকিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বইমেলা সমিতির সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি।
ছ’দিনের এই মেলাজুড়ে থাকছে ঠাসা কর্মসূচি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ মুখরিত থাকবে।
- আলোচনাসভা: বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ, শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ এবং ছাত্র সমাজের সমস্যা ও উত্তরণের উপায়— এই বিষয়গুলি নিয়ে আয়োজিত হবে বিশেষ আলোচনা।
- বিশেষ আকর্ষণ: কচিকাঁচাদের জন্য থাকছে ম্যাজিক শো ও কুইজ। এ ছাড়াও থাকছে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান।
- সাংস্কৃতিক সন্ধ্যা: প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৪টে থেকে মূল মঞ্চে পরিবেশিত হবে নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার মূল আকর্ষণ হিসেবে এ বার রাখা হয়েছে ‘শিশু মহল’ এবং ‘বিজ্ঞান মহল’। বিজ্ঞান মহলে বিভিন্ন মডেল প্রদর্শনী ছাত্রছাত্রীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশা করছেন আয়োজকরা।
মহিষাদল বইমেলা সমিতির সম্পাদক শ্রী ভবেশকুমার দে এবং শ্রী দেবাশিস মাইতি জানান, "প্রতি বছরের মতো এ বছরও আমরা মেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করার চেষ্টা করেছি। নামী প্রকাশনা সংস্থার স্টলের পাশাপাশি আঞ্চলিক মেধার বিকাশেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" রাজবাড়ির ঐতিহাসিক প্রাঙ্গণে বইয়ের এই উৎসবে শামিল হওয়ার জন্য সকল স্তরের মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
বইমেলার কিছু পুরানো স্মৃতি :
#MahishadalBoimela #MahishadalBookFair #WestBengalBookFair #Boimela2026 #BengaliCulture #MahishadalRajbari #BookLover #BengaliLiterature #BookFair2026 #NewzBangla






No comments