হলদিয়া: বসন্তের পলাশ রাঙা দিনে এবার বাউল গানের আখড়ায় মাতবে শিল্পনগরী। শান্তিনিকেতনের পৌষমেলা কিংবা কেঁদুলির জয়দেবের সেই চেনা সুর এবার প্রতিধ্বনিত হবে হলদী নদীর পাড়ে। আগামী ৩১ মার্চ বালুঘাটার ‘খোলা আকাশ’-এর আঙিনায় আয়োজিত হতে চলেছে…
হলদিয়া: বসন্তের পলাশ রাঙা দিনে এবার বাউল গানের আখড়ায় মাতবে শিল্পনগরী। শান্তিনিকেতনের পৌষমেলা কিংবা কেঁদুলির জয়দেবের সেই চেনা সুর এবার প্রতিধ্বনিত হবে হলদী নদীর পাড়ে। আগামী ৩১ মার্চ বালুঘাটার ‘খোলা আকাশ’-এর আঙিনায় আয়োজিত হতে চলেছে এক অনন্য লোকসংস্কৃতি উৎসব— 'বসন্তে বাউল'। হলদিয়ায় এই প্রথমবার এমন আড়ম্বরহীন অথচ মাটির কাছাকাছি কোনো বাউল মেলার আয়োজন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা উৎসবটি সাজানো হচ্ছে বাংলার চিরাচরিত লোকজ মেজাজে। নদীর পাড়ে খোলা মঞ্চের পাশাপাশি এই মেলার বিশেষ আকর্ষণ হতে চলেছে ভাসমান নৌকা। একদিকে যখন নদীর পাড়ে গান চলবে, ঠিক তখনই মাঝনদীতে নৌকার ওপর বাউল ও দোতারার সুরে মেতে উঠবেন শিল্পীরা। মেলার অলিতে-গলিতে থাকবে খড়ের চালার ঘর, মাটির ভাঁড়ে চা আর শালপাতার জিলিপি-ঝালমুড়ির আস্বাদ।
উৎসবের দিনটি শুরু হবে সাতসকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে। এরপরই থাকছে বাউল গানের ওপর বিশেষ ওয়ার্কশপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ জন স্বনামধন্য বাউল শিল্পীর সান্নিধ্য পাওয়ার সুযোগ পাবেন সঙ্গীতপ্রেমীরা। কর্মশালা শেষে মিলবে শংসাপত্রও। মেলায় বাউলদের ব্যবহৃত বিশেষ পোশাক এবং ঘরোয়া বাদ্যযন্ত্রের সম্ভারও মিলবে। দুপুর ৩টে থেকে শুরু হবে মূল মঞ্চের অনুষ্ঠান, যা চলবে রাত পর্যন্ত।
"বাংলার বাউল দর্শন ও সংস্কৃতিকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। সোঁদা মাটির গন্ধে নদী তীরের এই পরিবেশ এক অন্য মাত্রা যোগ করবে," জানালেন উদ্যোক্তা মানস বোস।
গত ১৪ ফেব্রুয়ারি বসন্তের এক বিশেষ মাহেন্দ্রক্ষণে এই উৎসবের প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, সৈকত চক্রবর্তী, মধুসূদন পড়ুয়া, দীপিকা মন্ডল, সৌম্য মাইতি, শ্রীলেখা ব্যানার্জী সহ অনেকে। আয়োজকরা জানিয়েছেন, কোনও জাঁকজমক নয়, বরং বাউলদের সহজ-সরল জীবনদর্শন ও সুরের মূর্ছনায় সাধারণ মানুষকে একাত্ম করাই এই মেলার মূল লক্ষ্য।
আরও কিছু মুহুর্ত আপনাদের জন্য :
#বসন্তেবাউল #BasanteBaul #হলদিয়াবাউলমেলা #HaldiaBaulMela #খোলাআকাশ #Purbamedinipur #Haldia #বাউলগান #BaulFolk #বাংলারলোকসংস্কৃতি #BengaliFolkMusic #মাটিরগান #EktaraSufi







No comments